চাষাঢ়ায় জেলা প্রশাসনের অভিযান, জরিমানা
নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে সড়কে গাড়ি পার্কিং ও সরকারি কাজে বাধা দেওয়ার দায়ে কয়েকজনকে জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার (রেকর্ডরুম শাখা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং করায় সড়ক পরিবহন আইনে জরিমানা করা হয়। পাশাপাশি সরকারি কাজে বাধা প্রদান করায় দণ্ডবিধির ১৮৮ ধারায় কয়েকজনকে জরিমানার আওতায় আনা হয়।
এ সময় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধভাবে দাঁড় করানো যানবাহন সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং চালকদের সতর্ক করা হয়।
অভিযান কতদিন চলবে—এমন প্রশ্নের জবাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ বলেন, এটি জেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার অংশ।
তিনি বলেন, বিশেষ করে রমজান মাসে সাধারণ মানুষ যাতে কোনো দুর্ভোগে না পড়েন এবং নির্বিঘ্নে চলাচল করতে পারেন, সে বিষয়টি বিবেচনায় রেখেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদ ও এর পরবর্তী কয়েকদিন ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্টেও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।





































