আইভীর নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, অপপ্রচারে সতর্ক থাকার আহ্বান
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নাম ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ খোলা হয়েছে। এসব প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ধরনের রাজনৈতিক পোস্ট ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব পেজ, গ্রুপ ও একাউন্টের তথ্য ঘেঁটে দেখা যায়, অধিকাংশই আইভীর গ্রেপ্তারের পরে খোলা হয়েছে। তিনি গত বছরের ৯ মে থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি থাকলেও এসব পেজ, গ্রুপ ও একাউন্ট সক্রিয় রয়েছে। যেসব পেজ থেকে বিভিন্ন রাজনৈতিক পোস্ট করা হচ্ছে। এবং কিছু কিছু পোস্টে নানা বিভ্রান্তিমূলক ও উসকানিমূলক তথ্য প্রচার করা হচ্ছে।
ডা. সেলিনা হায়াৎ আইভী বিভিন্ন সময়ই জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার নিজস্ব কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ নেই। তার পরিবারের সদস্যরাও বলছেন, ফেসবুকের ওইসব পেজ বা একাউন্টের নিয়ন্ত্রণকারীদের বিষয়েও তারা অবগত নন।
ফেসবুকে অনুসন্ধান করে দেখা যায়, আইভীর নাম ব্যবহার করে একাধিক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ পরিচালিত হচ্ছে। এর মধ্যে ‘সেলিনা হায়াৎ আইভী’ নামে একটি পেজে তার বিভিন্ন ছবি প্রকাশ করা হয়েছে। বিশেষ করে জাপানে চেরি গাছের নিচে তোলা আইভীর একটি ছবি ওই পেজে বারবার ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সেখানে তার পারিবারিক ছবি পোস্ট করার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক বিষয়েও পোস্ট দেওয়া হচ্ছে।
আইভীর ঘনিষ্ঠ সূত্রের দাবি, সাবেক মেয়রকে হয়রানি ও বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যেই এসব পেজ ও অ্যাকাউন্ট থেকে রাজনৈতিক পোস্ট করা হচ্ছে, যার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, ফেসবুকে আইভীর নামে যে সব অ্যাকাউন্ট, পেজ বা গ্রুপ চালু রয়েছে, তার কোনোটিই আইভী বা তার পরিবারের কেউ পরিচালনা করেন না। এমনকি এসব প্ল্যাটফর্মে প্রকাশিত তথ্য সম্পর্কেও তারা অবগত নন। তাদের দাবি, আইভীর ব্যক্তিগত কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ অতীতেও ছিল না।
এ অবস্থায় তার শুভাকাঙ্ক্ষীদের এসব অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
ঘনিষ্ঠ সূত্রগুলো আরও জানায়, আইভীর নাম ও ছবি ব্যবহার করে কিছু অপপ্রচারকারী এসব প্ল্যাটফর্ম খুলে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
এদিকে ফেসবুকে অনুসন্ধান করে এক ক্লিকেই আইভীর নামে বাংলায় অন্তত আটটি গ্রুপ পাওয়া গেছে। ইংরেজি নাম ব্যবহার করে আরও ছয়টি গ্রুপ রয়েছে। এছাড়া তার নামে কয়েকটি পেজও রয়েছে। এর মধ্যে বাংলায় ‘সেলিনা হায়াৎ আইভী’ নামে একটি পেজে প্রায় আড়াই লাখ অনুসারী রয়েছে, আর ইংরেজি নামে আরেকটি পেজে ফলোয়ার সংখ্যা প্রায় ১ লাখ ২৪ হাজার।
সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় ব্যক্তিদের নামে ভুয়া অ্যাকাউন্ট বা পেজ খুলে বিভ্রান্তি ছড়ানোর ঘটনা নতুন নয়। তবে এ ধরনের অপপ্রচার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন তার শুভাকাক্সক্ষীরা।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলা গত বছরের ৯ মে গ্রেপ্তার হন ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনবারের সাবেক এই মেয়রকে পর্যায়ক্রমে ১১টি মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। গত ১০ মাস ধরে কারাবন্দি অবস্থায় আছেন দেশের প্রথম নির্বাচিত এ নারী মেয়র।





































