বন্দরে গৃহবধুকে ধর্ষণ আগুনে ঝলসে দেয়া অভিযোগ
বন্দর উপজেলায় এক গৃহবধুকে ধর্ষণ ও বিচার চাওয়ায় মারধর, শরীরে আগুন দিয়ে ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে।
এ ঘটনায় স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।
অভিযোগ সূত্রে জানা যায়, বন্দর উপজেলার মাধবপাশা এলাকার বাসিন্দা ওই গৃহবধুর বৈবাহিক জীবনে দুই কন্যা সন্তান রয়েছে। তবে প্রায়ই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করত এবং স্বামীর ছোট একাধিকবার তাকে জোরপূর্বক ধর্ষণ করে। সর্বশেষ গত ৬ মার্চ বিকেল তার নিজ ঘরে একই ঘটনা ঘটে। বিষয়টি তার স্বামী, শাশুড়ি ও ননদদের জানিয়ে বিচার চাইলে তারা উল্টো তাকে মারধর করে এবং বিষয়টি চেপে যেতে চাপ দেয়।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার জেরে গত ৮ মার্চ সকাল স্বামী, দেবর, শাশুড়ি ও দুই ননদ মিলে তাকে মারধর করে। এক পর্যায়ে তার স্বামী গ্যাস লাইট দিয়ে তার পরনের কাপড়ে আগুন ধরিয়ে দেয়। এতে সে দগ্ধ হয়। পরে অভিযুক্তরা চিকিৎসার কথা বলে তাকে বন্দর ঘাটে রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার খবর পেয়ে গত ১২ মার্চ বিকেল তাকে বন্দর ঘাট থেকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন প্রেস নারায়ণগঞ্জকে বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। কিন্তু ভুক্তভোগী পরিবারের সাথে যোগাযোগ করা যাচ্ছে না এবং ঘটনার তেমন কোনো তথ্যও পাওয়া যাচ্ছে না। আমাদের তদন্ত চলমান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।”





































