১৯ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১১:২৬, ১৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১১:২৮, ১৯ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে লকডাউনের প্রভাব নেই, গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যেও জনজীবন স্বাভাবিক

নারায়ণগঞ্জে লকডাউনের প্রভাব নেই, গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যেও জনজীবন স্বাভাবিক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশজুড়ে লকডাউন কর্মসূচি থাকলেও নারায়ণগঞ্জ শহরে এর তেমন প্রভাব দেখা যায়নি। সকাল থেকেই শহরের চাষাঢ়া, ফতুল্লা ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ও জনজীবন স্বাভাবিক রয়েছে। তবে জেলার সোনারগাঁয়ে পৃথক দুটি স্থানে একটি যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এদিকে, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার রাত থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় পাহারা দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকেও গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জেলার বিভিন্ন উপজেলা ও সদর এলাকায় অবস্থান নিয়ে মাঠে রয়েছেন তাঁরা।

বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে যান চলাচল ও জনজীবন স্বাভাবিক থাকার চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই চাষাঢ়া মোড়, ফতুল্লা ও লিংক রোডে বাস, সিএনজিচালিত অটোরিকশা, রিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যেও কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা প্রতিদিনের মতো নিজ নিজ গন্তব্যে যাতায়াত করছেন। শহরের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও স্বাভাবিকভাবে খুলেছে।

লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার রাত থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় অবস্থান নেন। বৃহস্পতিবার সকাল থেকেও সদরসহ জেলার বিভিন্ন উপজেলায় তাঁদের মাঠে থাকতে দেখা গেছে।

অন্যদিকে, বৃহস্পতিবার ভোরে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় এশিয়ান হাইওয়েতে একটি খড়বোঝাই ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। দিনাজপুর থেকে আসা ট্রাকটি সড়কের পাশে দাঁড় করিয়ে চালক ও তাঁর সহকারী ঘুমিয়ে ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে ট্রাকটিতে আগুন জ্বলতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ট্রাকে থাকা খড় পুড়ে যায়।

এ ছাড়া সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু এলাকায় ‘মামা ভাগিনা পরিবহনের’ (পাহাড়িকা) একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাসটি রাজধানীর সায়েদাবাদ থেকে গৌরীপুরের উদ্দেশে যাচ্ছিল। পথে কাঁচপুর সেতু এলাকায় যাত্রী তোলার সময় যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা বাসটির পেছনের অংশে আগুন ধরিয়ে পালিয়ে যায়। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। তবে যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, “যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। তবে আগুনের ঘটনায় কোনো যাত্রীর ক্ষতি হয়নি। আমরা ঘটনাস্থলে রয়েছি এবং পুড়ে যাওয়া বাসটি রেকারের মধ্যমে সরানো হচ্ছে।”

এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সকাল থেকেই চাষাঢ়াসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের বাড়তি টহল ও উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সোনারগাঁয়ে পৃথক দুটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যেও নগরজীবনে লকডাউন কর্মসূচির বড় ধরনের কোনো প্রভাব দেখা যায়নি।

সর্বশেষ

জনপ্রিয়