২০ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:২০, ২০ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:২০, ২০ নভেম্বর ২০২৬

দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

টানা দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নারায়ণগঞ্জের স্বাভাবিক জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে শুরু হওয়া বৃষ্টি শুক্রবারও (২০ নভেম্বর) অব্যাহত রয়েছে। এতে নগরীর বিভিন্ন এলাকায় মানুষের চলাচল ও দৈনন্দিন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। বিশেষ করে ভাসমান মানুষ, দিনমজুর, রিকশাচালক ও ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবনযাত্রায় বাড়তি দুর্ভোগ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে নারায়ণগঞ্জের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে ঠান্ডা বাতাসে আবহাওয়ায় পরিবর্তন এসেছে। শুক্রবারও একই পরিস্থিতি বিরাজ করায় নগরীর স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ভাটা পড়েছে।

শহরের চাষাঢ়া, বঙ্গবন্ধু সড়ক, দুই নম্বর রেলগেট, নিতাইগঞ্জ ও আশপাশের এলাকায় বৃষ্টির কারণে পথচারী ও কর্মজীবী মানুষকে চলাচলে অসুবিধার মুখে পড়তে হচ্ছে। ছাতা নিয়ে অনেকে প্রয়োজনীয় কাজে বের হলেও বৃষ্টির কারণে খোলা জায়গায় কাজ করা মানুষের ভোগান্তি বেড়েছে।

সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নগরীর ফুটপাত, রেলস্টেশন, লঞ্চ টার্মিনাল ও বিভিন্ন খোলা জায়গায় বসবাসকারী ভাসমান মানুষ। 

অন্যদিকে, বৃষ্টির কারণে দৈনিক আয়ের ওপর নির্ভরশীল রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর ও ভ্রাম্যমাণ বিক্রেতারা বিপাকে পড়েছেন। 

রেলস্টেশনে আশ্রয় নেয়া  ষাটোর্ধ বৃদ্ধ জলিল মিয়া বলেন, “দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে। থাকার মতো নির্দিষ্ট কোনো জায়গা নেই। বৃষ্টি এলে দোকানের বারান্দা কিংবা ছাউনির নিচে আশ্রয় নিতে হয়। রাতে ঠান্ডায় ঘুমানো যায় না। ঠিকমতো খাবারও জোটে না। আমাদের মতো অসহায় মানুষের পাশে সরকার ও বিত্তবানরা দাঁড়ালে কিছুটা উপকার হতো।”

নগরীর মন্ডল পাড়া পুলের পাশে দাঁড়িয়ে থাকা এক রিকশা চালক বলেন, “বৃষ্টির কারণে রাস্তায় মানুষ কম। আগের মতো যাত্রী পাওয়া যাচ্ছে না। সকাল থেকে রিকশা চালিয়েও তেমন আয় হচ্ছে না। যা আয় হয়, তা দিয়ে রিকশার জমা আর সংসারের খরচ চালানো কঠিন। এক দিন রিকশা না চালালে পরিবারের খাবার জোগাড় করাই মুশকিল।”

একইভাবে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরাও বৃষ্টির কারণে সমস্যায় পড়েছেন।

এমন পরিস্থিতিতে অসহায় ও ভাসমান মানুষের পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সমাজের বিত্তবানদের প্রতি সহায়তার আহ্বান জানানো হয়েছে। 

টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি অনিশ্চয়তায় পড়েছেন প্রতিদিনের আয়ের ওপর নির্ভরশীল মানুষ। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে তাঁদের জীবিকা ও দৈনন্দিন জীবনযাত্রায় সংকট আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়