সরকার তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে আন্তরিক: ডিসি রায়হান
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন, ‘মাশরুম চাষ একটি লাভজনক, পুষ্টিকর ও জলবায়ু সহনশীল উদ্যোগ। অল্প পুঁজি ও অল্প জায়গায় মাশরুম চাষ করে বেকার যুবক ও নারীরা স্বাবলম্বী হতে পারেন।’
বৃহস্পতিবার (১ অক্টোবর) নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভ’-এর আওতায় পাঁচ দিনব্যাপী মাশরুম চাষবিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, ‘বর্তমান সরকার তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে অত্যন্ত আন্তরিক। এই প্রশিক্ষণের মাধ্যমে যে দক্ষতা অর্জিত হয়েছে, তা কাজে লাগিয়ে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই কৃষি উদ্যোগের বিকল্প নেই। জেলা প্রশাসন সবসময় নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে।’
জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথম ও দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।
সভাপতির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, ‘আমরা চাই, প্রশিক্ষণ শুধু সনদের মধ্যে সীমাবদ্ধ না থেকে মাঠপর্যায়ে বাস্তবায়িত হোক। সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশিক্ষিত উদ্যোক্তাদের সব ধরনের কারিগরি সহযোগিতা ও পণ্য বাজারজাতকরণে সহায়তা করা হবে।’
তিনি বলেন, ‘আত্মকর্মসংস্থানের মাধ্যমে একটি দক্ষ ও সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়াই আমাদের লক্ষ্য।’
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।





































