রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির কলার হ্যান্ডওভার
রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির কলার হ্যান্ডওভার ও নতুন কার্যবর্ষ (ইয়ার লঞ্চিং) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয়েছে। একই সঙ্গে একজন অসচ্ছল ব্যক্তিকে স্বাবলম্বী করতে একটি ভ্যানগাড়ি ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) রাতে নগরীর চাষাড়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির সদ্য নির্বাচিত সভাপতি রোটারিয়ান আব্দুল কাদির জিলানীর সভাপতিত্বে অনুষ্ঠানে ইভেন্ট চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন রোটারিয়ান জাহাঙ্গীর আলম সেলিম। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন ও কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল।
অনুষ্ঠানে ক্লাবের নতুন সাতজন সদস্যকে আনুষ্ঠানিকভাবে কলার পিন পরিয়ে সদস্যপদ প্রদান করা হয়। পাশাপাশি ক্লাবের নিজস্ব তহবিল থেকে একজন অসচ্ছল ব্যক্তিকে একটি ভ্যানগাড়ি ও আর্থিক সহায়তা দেওয়া হয়।
বক্তারা বলেন, শুধু আনুষ্ঠানিকতা নয়, মানুষের কল্যাণে বাস্তবমুখী কাজই একটি সামাজিক সংগঠনের মূল পরিচয়। আত্মমানবতার সেবায় সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। একই সঙ্গে রোটারির সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
তারা আরও বলেন, ক্লাবগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও যথাযথ মূল্যায়নের মাধ্যমে প্রকৃত কাজের স্বীকৃতি নিশ্চিত করতে হবে। পরিচয়ের ভিত্তিতে নয়, বরং কাজের ভিত্তিতেই মূল্যায়ন হওয়া উচিত।
অনুষ্ঠানে সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. ইব্রাহিম শেখ, সাবেক সভাপতি রোটারিয়ান আশিক বাপ্পি, রোটারিয়ান তারেক ইউসুফ আনন্দ, রোটারিয়ান মিজানুর রহমান, রোটারিয়ান রবিউল ইসলাম, রোটারিয়ান মাসুদ রানা, রোটারিয়ান কামরুল ইসলাম, রোটারিয়ান মোক্তার হোসেন, রোটারিয়ান পারভেজ সুমন, রোটারিয়ান বিপ্লব সাহা, রোটারিয়ান মফিজুল হক, রোটারিয়ান ইব্রাহিম হোসেন, রোটারিয়ান আমিনুর রহমান নিমেল, রোটারিয়ান আরিফুজ্জামান রবিনসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির নতুন সদস্য হিসেবে আমাদের সময় এর সিনিয়র সাংবাদিক লুৎফর রহমান কাকন, আমাদের সময় এর নারায়ণগঞ্জ প্রতিনিধি এমরান আলী সজীব, বেসরকারি চাকরিজীবী আবিদুজ্জামান আবিদ, ব্যবসায়ী কামাল আহমেদ ও ফয়সাল আহমেদ রনিকে কলার পিন পরিয়ে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ প্রদান করা হয়।





































