২৮ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৭, ২৭ জুলাই ২০২৬

লাউ কেনাকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে নারীকে মারধরের অভিযোগ

লাউ কেনাকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে নারীকে মারধরের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার আঁটি গ্রাম এলাকায় লাউ ও হজপাতা কেনাকে কেন্দ্র করে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহত মরিয়ম বেগম (৪০) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মরিয়ম বেগম, স্বামী সাহেব আলী, স্থানীয় সবজি বিক্রেতা আলমগীরের ভ্যান থেকে লাউ ও হজপাতা কিনতে গেলে দাম নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী জানান, দর-কষাকষির সময় আলমগীর মরিয়ম বেগমকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এতে মরিয়ম বেগম হাতে থাকা জুতা তুলে প্রতিবাদ করলে আলমগীর কাঠ দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আহতের মেয়ের জামাই রায়হান বলেন, “আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে থানায় মামলা করা হবে।”

এলাকার কয়েকজন নারী অভিযোগ করেন, অভিযুক্ত আলমগীর এর আগেও স্থানীয় কয়েকজনের সঙ্গে দুর্ব্যবহার ও মারামারির ঘটনায় জড়িয়েছিলেন।

তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আলমগীরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের পরিবার জানিয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়