জেলা প্রশাসককে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির শুভেচ্ছা
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাষাঢ়ার বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির নেতারা।
সোমবার (২৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি মহিউদ্দিন মাহমুদ, সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ সুমন, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আইউব আলী, সহসভাপতি সামছুল হক বাচ্চু, সহ-সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সোহাগ, প্রচার সম্পাদক ফয়সাল আবেদ হিমু, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান ডিউক, আইনবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল সাকিব, কার্যকরী সদস্য রহমতউল্লাহ লিটন, আজাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে নবগঠিত কমিটির সদস্যরা জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
জেলা প্রশাসক মো. রায়হান কবির কমিটির নেতাদের ধন্যবাদ জানিয়ে এলাকার সামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি মাদক নির্মূল, কিশোর গ্যাং প্রতিরোধ এবং সামাজিক পাঠাগার উন্নয়নের মতো জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, মাদক ও কিশোর গ্যাং বর্তমান সমাজের বড় চ্যালেঞ্জ। এসব সামাজিক সমস্যা মোকাবিলায় পঞ্চায়েত কমিটির মতো সামাজিক সংগঠনগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি পাঠাগার স্থাপন ও সুস্থ সামাজিক কর্মকাণ্ডেও প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।





































