ইপিজেডে কারখানার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানার গুদামে আগুন নেভাতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নয়টি ইউনিট কাজ করছে।
বুধবার (১৫ জুলাই) ভোর সোয়া চারটার দিকে অনন্ত অ্যাপারেলস নামে কারখানাটির ফ্যাব্রিকের গুদামে আগুন লাগে বলে জানান আদমজী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া।
সকাল দশটার দিকে তিনি বলেন, “নয়টি ইউনিটের তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ভেতরে ডাম্পিং এর কাজ চলছে।”
স্থানীয় লোকজন ও কারখানার কর্মীদের বরাতে এ কর্মকর্তা বলেন, গুদামটি বন্ধ অবস্থায় আগুনের ঘটনা ঘটে। ভেতরে ফ্যাব্রিক্স ও কিছু রাসায়নিক পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে শুরুতে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় পার্শ্ববর্তী ফায়ার স্টেশনগুলো থেকেও অতিরিক্ত ইউনিট যোগ দেওয়া হয়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
মিরন বলেন, আগুন এখনো কিছু জায়গায় জ্বলছে, তবে তা আর ছড়ানোর শঙ্কা নেই।
তবে, অগ্নিকাণ্ডের নির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে, যোগ করেন ওই কর্মকর্তা।





































