১৫ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৭, ১৪ জুলাই ২০২৬

বন্দরের অটো গ্যারেজে ডাকাতি: আরও ২০টি ব্যাটারিসহ গ্রেপ্তার ২

বন্দরের অটো গ্যারেজে ডাকাতি: আরও ২০টি ব্যাটারিসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের বন্দরের আন্দিরপাড় এলাকায় অটোরিকশার গ্যারেজে সংঘটিত আলোচিত ডাকাতির ঘটনায় আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের নাভানা এলাকা থেকে ডাকাতি হওয়া  ১২ ভোল্টের আরও ২০টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার নাভানা এলাকায় অভিযান চালিয়ে শাকিলের দোকান থেকে লুণ্ঠিত ব্যাটারিগুলো জব্দ করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি কান্দাপাড়া এলাকার ফরিদ মিয়ার ছেলে মফিজুল ইসলাম (৩২) এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার মাহামুদপুর ভূঁইগর এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে শাকিল (২৮)।

এ ঘটনায় গ্যারেজ মালিক নিলুফা আক্তার বাদী হয়ে বন্দর থানায় ১৯(৭)২৬ নম্বর মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোডের ৩৯৫, ৩৯৭ ও ৪১২ ধারায় রুজু করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হলে তারা বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

বাদী নিলুফা আক্তার জানান, বন্দরের আন্দিরপাড়ে সাহেরা গার্ডেন সংলগ্ন তার 'মরিয়ম অটো সিএনজি' গ্যারেজে বিভিন্ন মালিকের ৩২টি অটোরিকশা, ইজিবাইক ও মিশুক চার্জে রাখা ছিল। গত ১ জুলাই ভোর সাড়ে ৪টার দিকে ৮-৯ জনের একটি সশস্ত্র ডাকাত দল গ্যারেজে ঢুকে ম্যানেজার ফয়সালসহ তিনজনকে অস্ত্রের মুখে জিম্মি করে রশি ও কাপড় দিয়ে বেঁধে ফেলে। পরে তারা একের পর এক অটোরিকশা থেকে ব্যাটারি খুলে নিয়ে পালিয়ে যায়।

এর আগে এ মামলায় কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও সর্বশেষ অভিযানে উদ্ধার হওয়া ২০টি ব্যাটারিসহ মোট উদ্ধার হওয়া লুণ্ঠিত মালামালের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বন্দর থানার এস আই ইয়াসিন আরাফাত ।

সর্বশেষ

জনপ্রিয়