০৪ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০৪, ৪ জুলাই ২০২৬

আপডেট: ২২:০৪, ৪ জুলাই ২০২৬

শীতলক্ষ্যা নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান বৈষম্যমুক্ত মানবিক ফোরামের

শীতলক্ষ্যা নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান বৈষম্যমুক্ত মানবিক ফোরামের

শীতলক্ষ্যা নদীকে দূষণ ও দখলমুক্ত করে রক্ষায় প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, শিল্পমালিক ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়ে আলোচনা সভা করেছে বৈষম্যমুক্ত মানবিক ফোরাম, নারায়ণগঞ্জ জেলা।

শুক্রবার (৩ জুলাই) মাগরিবের নামাজের পর গোগনগর পূর্ব মশিনাবন্ধ এলাকায় সংগঠনটির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জসীমউদ্দীন এবং সঞ্চালনা করেন মো. জহিরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন মো. মামুন হোসেন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন মো. সাইফুল হোসেন, মো. আলমগীর হোসেন, মো. হোসেন, মোহাম্মদ রাকিব, মো. ইমরান, মো. মেহেদী, মো. জিসান, মো. রিফাত, মো. আনমুন, জসিম মিয়া ও মো. পমেল। শুভেচ্ছা বক্তব্য দেন রবিউস সানি টুটুল এবং স্বাগত বক্তব্য রাখেন মো. মকবুল হোসেন।

সভায় তরুণ শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কবি-সাহিত্যিক, সমাজসেবক, প্রবীণ ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন।

সভাপতির বক্তব্যে জসীমউদ্দীন বলেন, শীতলক্ষ্যা নদী দেশের অর্থনীতি, পরিবেশ ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু দূষণ, দখল ও অপরিকল্পিত নগরায়ণের কারণে নদীটি অস্তিত্ব সংকটে পড়েছে। নদী রক্ষায় প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, শিল্পমালিক ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, "নদী বাঁচলে বাঁচবে জনপদ, বাঁচবে বাংলাদেশ।"

প্রধান আলোচক মো. মামুন হোসেন বলেন, শীতলক্ষ্যা নদীর বর্তমান সংকট শুধু পরিবেশগত নয়, এটি সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যর্থতারও প্রতিফলন। দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের কারণে নদীর তীরে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে, যা নদীর স্বাভাবিক প্রবাহকে ব্যাহত করছে।

তিনি বলেন, বিআইডব্লিউটিএ, পরিবেশ অধিদপ্তর, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও কার্যকর ও সমন্বিত ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি পরিবেশবাদী সংগঠন ও গণমাধ্যমকে জনসচেতনতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা রাখতে হবে। রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক কঠোরতা এবং জনসম্পৃক্ততার সমন্বিত উদ্যোগের মাধ্যমেই শীতলক্ষ্যা নদীকে পুনরুজ্জীবিত করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানের শেষে সভাপতি জসীমউদ্দীন সফল আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করায় উপস্থিত অতিথি, সংগঠক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।

সর্বশেষ

জনপ্রিয়