০৪ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪২, ৪ জুলাই ২০২৬

বন্দরে জমি নিয়ে বিরোধ, বৃদ্ধ ও দুই ছেলেকে মারধরের অভিযোগ

বন্দরে জমি নিয়ে বিরোধ, বৃদ্ধ ও দুই ছেলেকে মারধরের অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে পৈত্রিক জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক বৃদ্ধ ও তার দুই ছেলেকে মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. এমদাদ হোসেন (৭৬) বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বন্দর উপজেলার ধামগড় এলাকার বাসিন্দা মো. এমদাদ হোসেন দাবি করেন, ধামগড় মৌজার ১৭ দশমিক ৩২ শতাংশ পৈত্রিক জমির বৈধ মালিক ও ভোগদখলকারী তিনি। ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে তার ভাতিজা মো. সোহেল (৫৫), মো. মাসুম (৪৫) ও তাদের স্বজনদের সঙ্গে বিরোধ চলে আসছে। এ বিষয়ে তিনি আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করলে আদালত বিরোধপূর্ণ জমিতে উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ৪ জুলাই দুপুর ২টার দিকে অভিযুক্তরা সেনেরবাড়ী এলাকায় তাদের বাড়ির যাতায়াতের রাস্তায় বেড়া নির্মাণের চেষ্টা করেন। এ সময় এমদাদ হোসেনের বড় ছেলে আমিনুল ইসলাম (৩৮) বাধা দিলে অভিযুক্তরা তাকে গালিগালাজ করে এবং দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে মারধর করেন।

আমিনুল ইসলামের চিৎকার শুনে তার বাবা এমদাদ হোসেন ও ছোট ভাই সিরাজুল ইসলাম (৩২) এগিয়ে এলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

আহতদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ভবিষ্যতে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

এ বিষয়ে বন্দর থানার তদন্তকারী কর্মকর্তা এএসআই মফিজুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উভয় পক্ষের বক্তব্য নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সর্বশেষ

জনপ্রিয়