২০ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৩, ২০ মার্চ ২০২৬

এমপি আল আমিনের নির্দেশনায় পঞ্চবটীতে নিরাপদ ঈদযাত্রার বিশেষ উদ্যোগ

এমপি আল আমিনের নির্দেশনায় পঞ্চবটীতে নিরাপদ ঈদযাত্রার বিশেষ উদ্যোগ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং পরিবহন খাতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর অবস্থান নিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। 

তার নির্দেশনায় শুক্রবার (২০ মার্চ) থেকে পঞ্চবটীসহ নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ছাত্র-ভলান্টিয়ার ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে তদারকি কার্যক্রম শুরু হয়েছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম সদস্য সচিব আলিফ দেওয়ান পঞ্চবটী মোড়ে এই কার্যক্রম পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা সংগঠক সোহাইল ইসলাম ইফতি।

এসময় আলিফ দেওয়ান বলেন, “ঈদ মানে আনন্দ, আর এই আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে হবে। উৎসবের সুযোগ নিয়ে সাধারণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই সহ্য করা হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা সংগঠক সোহাইল ইসলাম ইফতি বলেন, “যাত্রীরা সচেতন থাকুন। কেউ নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি দাবি করলে সঙ্গে সঙ্গে ভলান্টিয়ার বা দায়িত্বরত পুলিশকে জানান। নিরাপদ ও সাশ্রয়ী যাত্রা নিশ্চিত করতেই আমরা মাঠে আছি।”

এ সময় স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন ছাত্র ট্রাফিক ভলান্টিয়ার বিপ্লব সরদার, সাব্বির, রোমান, লিসান, অভি, জুনায়েদ, অর্নব, আব্দুল আহাদ ও সিয়াম।

উদ্যোক্তারা জানান, ঈদের ছুটিতে যাত্রীদের জিম্মি করে কোনো পরিবহন যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে এবং সবাই যাতে স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারেন, সে লক্ষ্যে ঈদের দিন পর্যন্ত এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়