ঈদযাত্রা: বৃষ্টি-ভেজা অপেক্ষা, তবু ঘরে ফেরার টান
বৃষ্টিভেজা দুপুর। আকাশজুড়ে ঘন মেঘ, সড়কজুড়ে কাদাপানি। এর মাঝেই পরিবার নিয়ে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন মো. সোহেল। গন্তব্য চাঁদপুর, প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর আশায় যাত্রা তার।
ঈদের ঠিক আগের দিন শুক্রবার (২০ মার্চ) দুপুরে দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তখন তেমন যানবাহনের চাপ নেই। এ মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকাতেই দেখা মেলে সোহেলের পরিবারের।
সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দূরপাল্লার বাসগুলোর সামনে এক হাতে মাথার ওপর ছাতা ধরে সন্তানদের নিয়ে অপেক্ষা করছিলেন সোহেল। দুই সন্তানের একজন স্ত্রীর কোলে, অপরজন সোহেলের পাশে দাঁড়িয়ে। তাদের হাতে থাকা ব্যাগপত্রই জানিয়ে দেয়, এই যাত্রা শুধু পথচলা নয়, প্রিয়জনের টানে নিজ গ্রামে ফেরা।
পরিবারের প্রত্যেকের চেহারায় ক্লান্তির ছাপ থাকলেও তা বিরক্তির নয়, বরং অপেক্ষার। বরং সেই ক্লান্তি ছাপিয়ে স্পষ্ট ছিল বাড়ি ফেরার আনন্দও।
একই সময়ে অন্য যাত্রীদেরও হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে দেখা যায়। অনেকেই ভিজে কাক্সিক্ষত বাসের অপেক্ষা করছিলেন। কারও হাতে ছাতা দেখা গেলেও বৈশাখের আগমুহুর্তের ঝড়ো হাওয়ার এ বৃষ্টির সঙ্গে তা কুলিয়ে উঠতে পারেনি।
সোহেলের মতো অনেকেই তাই সাময়িক এ ভোগান্তিকে সহ্য করেই ছুটছিলেন নাড়ির টানে বাড়ি। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগির জন্য।





































