আলজেরিয়ার বিজয় দিবসে শুভেচ্ছা জানালেন নারায়ণগঞ্জের মাজহার ইমন
আলজেরিয়ার ৬৪তম বিজয় দিবস উপলক্ষে দেশটির জনগণ ও সরকারের প্রতি শুভেচ্ছা জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন পিস ফর পিপল ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকায় অবস্থিত আলজেরিয়ার দূতাবাসে আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে সংগঠনটির পক্ষ থেকে এ শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের সন্তান মাজহার ইমন।
এসময় ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পিস ফর পিপল ফাউন্ডেশনের অফিস ও প্রেস সেক্রেটারি মাজহার ইমন। তিনি রাষ্ট্রদূতকে বিজয় দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি শিক্ষার্থী ও তরুণ সমাজকে কেন্দ্র করে বিভিন্ন যৌথ কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।
জবাবে রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি বাংলাদেশ ও আলজেরিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে জানান, দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত আলজেরিয়ার বিজয় দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ১৯৬২ সালের ১৯ মার্চ এভিয়ান চুক্তির প্রেক্ষিতে আলজেরিয়ার অস্থায়ী সরকারের প্রেসিডেন্ট বেনইউসেফ বেনখেদ্দা সারা দেশে যুদ্ধ বিরতির ঘোষণা দেন। এর মাধ্যমে দীর্ঘ প্রায় আট বছরের সশস্ত্র সংগ্রামের অবসান ঘটে এবং পরবর্তীতে ৫ জুলাই গণভোটের মাধ্যমে দেশটি স্বাধীনতার পথে অগ্রসর হয়।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ ও আলজেরিয়ার ঐতিহাসিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন রাষ্ট্রদূত।





































