‘ফ্যাসিস্টের দোসর’ মন্তব্যে উত্তেজনা, ব্যাখ্যা দিলেন হাতেম
নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্পাঞ্চলে এক ইফতার মাহফিলে বক্তব্যকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ রাখার প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।
মঙ্গলবার (৩ মার্চ) রাতে এক ভিডিও বার্তায় মোহাম্মদ হাতেম বলেন, বিসিক শিল্প মালিকদের ইফতার মাহফিলে স্থানীয় সংসদ সদস্য আল আমিন বক্তব্য দিতে গিয়ে বলেন, “যেখানে ফ্যাসিস্টদের দোসর আছে সেখানে আমি কী করে মঞ্চে বসি এবং বক্তব্য দেই।”
হাতেমের ভাষ্য অনুযায়ী, এ কথা বলার পর উপস্থিত শিল্প মালিকরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান এবং এর ব্যাখ্যা চান। তিনি তাদের পরিস্থিতি শান্ত রাখতে অনুষ্ঠান ত্যাগের আহ্বান জানান। পরে নিচে নেমে মালিকরা আয়োজকদের কাছে জানতে চান কেন সভাপতিকে আমন্ত্রণ জানিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি করা হলো।
তিনি আরও বলেন, বিষয়টি পুলিশ সুপারকে জানিয়ে তিনি নিজ কার্যালয়ে চলে যান। পরে পুলিশ সুপার, জেলা প্রশাসক ও এমপি দিপু ভূঁইয়া ফোন করে জানান, সেখানে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং মালিকরা জড়ো হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিসিক শিল্প মালিক সমিতির সহ-সভাপতি, নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিকেএমইএর সহ-সভাপতিসহ সংশ্লিষ্টদের ঘটনাস্থলে পাঠানো হয় বলে জানান হাতেম। অতিরিক্ত পুলিশ সুপার সেখানে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, “সর্বোপরি তিনি আমাদের এমপি। তাকে কোনোভাবেই অসম্মানিত করা যাবে না।” পরে তাকে নিরাপদে স্থান ত্যাগের ব্যবস্থা করা হয় এবং আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।





































