ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে মিনিট্রাকে দুর্বৃত্তদের আগুন
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে পার্কিং করে রাখা একটি মিনিট্রাকে আগুন দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে স্থানীয়দের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে ফতুল্লার ভূঁইঘর কাজীপাড়া এলাকায় বাইতুল রাইয়ান জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, নারায়ণগঞ্জের দিক থেকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি রাস্তার পাশে পার্কিং করে রাখা মিনিট্রাকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন পথচারী তাদের থামানোর চেষ্টা করলে তারা দ্রুত সাইনবোর্ডের দিকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
স্থানীয় ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন সাজ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে তিনি দেখতে পান, স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছেন। কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের সঙ্গে জড়িত ব্যক্তিরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন তিনি। তবে তার এ দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।





































