রূপগঞ্জে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ সাংবাদিকের
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কারবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থিতা ঘোষণার জেরে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দৈনিক যায়যায়দিনের সাংবাদিক রিপন মিয়া।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে রিপন মিয়া জানান, গোয়ালপাড়া এলাকার মৃত আমজাদের ছেলে সুমর ও তাঁর ছেলে শাওনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক, চুরি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে এলাকাবাসী একাধিকবার তাঁদের আটক করে পুলিশের হাতে তুলে দেন। সুমরের বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে।
তিনি জানান, প্রায় তিন মাস আগে পরোয়ানাভুক্ত আসামি সুমরকে ১০ পিস ইয়াবাসহ আটক করে রূপগঞ্জ থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। কারাদণ্ড ভোগের তিন মাসের মাথায় জেলা কারাগারে সুমরের মৃত্যু হয়।
রিপন মিয়ার অভিযোগ, দৈনিক যায়যায়দিনের ডিজিটাল প্রতিনিধি হিসেবে তিনি স্থানীয় মাদক কারবার, সন্ত্রাস, চাঁদাবাজি ও ছিনতাইয়ের বিরুদ্ধে নিয়মিত সংবাদ প্রকাশ করে আসছেন। সুমরের মাদক সংশ্লিষ্টতা নিয়েও একাধিক সংবাদ প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি রূপগঞ্জ সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে প্রার্থিতা ঘোষণার পর একটি মহল তাঁর বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠে।
তাঁর দাবি, কারাগারে সুমরের মৃত্যুকে কেন্দ্র করে ওই মহলটি সুমরের পরিবারের সদস্যদের প্ররোচিত করে নির্যাতনের অভিযোগ এনে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। সুমরের পরিবারের সদস্যদের শিখিয়ে দেওয়া বক্তব্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে ছড়িয়ে তাঁকে হেয়প্রতিপন্ন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
রিপন মিয়া আরও অভিযোগ করেন, অতীতে এক ইউপি চেয়ারম্যান প্রার্থীর নৌকা প্রতীকে ভোট চাওয়ার বিষয়টি সামনে এনে তাঁকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার চেষ্টা চলছে। পাশাপাশি পৈতৃক সম্পত্তি বিক্রির টাকায় নির্মিত তাঁর ঘরবাড়ি নিয়েও অপপ্রচার চালানো হচ্ছে।
বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন এই সাংবাদিক। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, সাংবাদিক সমাজ ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।





































