০২ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০১, ২ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:০১, ২ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে সাড়ে ১৬ হাজার লিটার জেট ফুয়েলসহ আ.লীগ নেতার ট্যাংকলরি জব্দ

সিদ্ধিরগঞ্জে সাড়ে ১৬ হাজার লিটার জেট ফুয়েলসহ আ.লীগ নেতার ট্যাংকলরি জব্দ
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৬ হাজার ৫০০ লিটার জেট ফুয়েলসহ একটি ট্যাংকলরি জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ট্যাংকলরির চালক সাগর হোসেনকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। ট্যাংকলরির মালিকসহ আরও দুজনকে মামলায় আসামি করা হয়েছে।

শনিবার রাতে চিটাগাং রোডের শিমরাইল মোড় এলাকা থেকে ট্যাংকলরিটি জব্দ করা হয়। এর নম্বর চট্ট-মেট্রো ৪১-০৮০৩।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ট্যাংকলরিটির মালিক ইয়ার হোসেন ভূঁইয়া।

এ ঘটনায় রোববার সিদ্ধিরগঞ্জ থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও দুজনকে আসামি করে মামলা হয়েছে।

মামলার এজাহারনামীয় আসামিরা হলেন চালক সাগর হোসেন, পলাতক হেলপার দ্বীন ইসলাম (৫২) এবং ট্যাংকলরির মালিক ইয়ার হোসেন ভূঁইয়া (৫০)।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, চিটাগাং রোড এলাকা থেকে ১৬ হাজার ৫০০ লিটার জেট ফুয়েলসহ ট্যাংকলরিটি জব্দ করেছে ডিবি। এ ঘটনায় চালককে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

জানা গেছে, ট্যাংকলরির মালিক ইয়ার হোসেন ভূঁইয়া সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকার বাসিন্দা। তিনি ঢাকা বিভাগীয় ট্যাংকলরি মালিক সমিতির গোদনাইল পদ্মা ডিপো শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত। আওয়ামী লীগ সরকারের আমলে শামীম ওসমানের নেতৃত্বে বিভিন্ন মিছিল ও কর্মসূচিতেও তাঁকে দেখা গেছে।

সর্বশেষ

জনপ্রিয়