২৯ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০০, ২৯ অক্টোবর ২০২৬

ফতুল্লা পাইলট স্কুলের মানোন্নয়নে সহযোগিতার আশ্বাস মামুন মাহমুদের

ফতুল্লা পাইলট স্কুলের মানোন্নয়নে সহযোগিতার আশ্বাস মামুন মাহমুদের

নারায়ণগঞ্জের ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে বিদ্যালয় পরিদর্শনকালে তিনি শিক্ষার মান, অবকাঠামো ও সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় বিদ্যালয়ের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

পরিদর্শনকালে অধ্যাপক মামুন মাহমুদ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিদ্যালয়ের অবকাঠামোগত ও প্রশাসনিক বিভিন্ন সমস্যা এবং শিক্ষার মানোন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়।

মতবিনিময়কালে শিক্ষকরা বিদ্যালয়ের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তাঁরা জানান, পরিচালনা কমিটির সভাপতি রিয়াদ মোহাম্মদ চৌধুরী দায়িত্ব নেওয়ার পর থেকে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে কাজ করছেন। তিনি নিয়মিত বিদ্যালয়ের খোঁজখবর নেওয়ার পাশাপাশি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যা সমাধানের উদ্যোগ নেন।

এ সময় অধ্যাপক মামুন মাহমুদ বিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রিয়াদ মোহাম্মদ চৌধুরী, শিক্ষক প্রতিনিধি আবু সাঈদ মুন্না, অভিভাবক প্রতিনিধি তুষার আহম্মেদ মিঠু, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আফরোজা আক্তার পলিসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

পরে অধ্যাপক মামুন মাহমুদ ফতুল্লা থানা গেটের বিপরীতে অবস্থিত শাহ ফতেহ্ উল্লাহ্ ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন। সেখানে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং মাদ্রাসার বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সবশেষে তিনি ফতুল্লা বাজার পরিদর্শন করেন। এ সময় বাজারের চলমান উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন এবং অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। বাজারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশের পাশাপাশি উন্নয়ন ও ব্যবস্থাপনায় রিয়াদ মোহাম্মদ চৌধুরীর উদ্যোগ, তত্ত্বাবধান ও ভূমিকার প্রশংসা করেন অধ্যাপক মামুন মাহমুদ।

সর্বশেষ

জনপ্রিয়