গ্যাস-বিদ্যুৎ ও কেমিক্যালের দাম বাড়ায় ‘চাপে’ ডাইং শিল্প
ডাইং শিল্পে ব্যবহৃত ডাইস ও কেমিক্যালের মূল্যবৃদ্ধি এবং গ্যাস-বিদ্যুতের দাম বাড়ায় উৎপাদন খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন বলে দাবি করেছেন এ খাতের ব্যবসায়ীরা। বর্তমান ডাইং চার্জে উৎপাদন ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না উল্লেখ করে ন্যূনতম ডাইং চার্জ পুনর্নির্ধারণেরও দাবি জানিয়েছেন তারা।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ দাবি জানায় বাংলাদেশ নীট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশন (বিকেডিওএ)।
সভায় ব্যবসায়ীরা বলেন, ডাইং শিল্পে ব্যবহৃত ডাইস ও কেমিক্যালের দাম প্রতিনিয়ত বাড়ছে। এসব উপকরণের অধিকাংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। ডলারের বিনিময়মূল্যের ওঠানামার কারণেও আমদানি ব্যয় পরিবর্তিত হচ্ছে। এর পাশাপাশি গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে উৎপাদন খরচ আরও বেড়েছে। ফলে বর্তমান ডাইং চার্জে কাপড় প্রক্রিয়াজাত করে উৎপাদন ব্যয় তোলা কঠিন হয়ে পড়েছে।
তাঁরা বলেন, ডাইং শিল্পের সার্বিক স্বার্থ রক্ষা, টেকসই উন্নয়ন এবং উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে ন্যূনতম ডায়িং চার্জ পুনর্নির্ধারণের বিকল্প নেই। এ পরিস্থিতি মোকাবিলায় চার্জ বাড়ানোর পাশাপাশি শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
বাংলাদেশ নীট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে সভায় ডাইস ও কেমিক্যালের মূল্যবৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি এবং ডায়িং শিল্পের অন্যান্য সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, বিকেএমইএর পরিচালক মিনহাজুল হক ও মামুনুর রশিদ মিঠু, বাংলাদেশ নীট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি জিএম হায়দার আলী বাবলু, সহসভাপতি এম নাসির উদ্দিন, পরিচালক মো. আনিসুল এহসান চৌধুরী, লিটন চন্দ্র পাল, মো. অহিদুর ইসলাম শহিদ, কে এম নুরুল ইসলাম বাবু, মিজানুর রহমান মিজান, মো. শাজাহান আলমসহ সংগঠনের অন্যান্য সদস্য।





































