২১ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৫৮, ২০ অক্টোবর ২০২৬

বন্দরে পূজামণ্ডপের সামনে চাকুসহ কিশোর আটক, ডাকাতির অভিযোগ পুলিশের

বন্দরে পূজামণ্ডপের সামনে চাকুসহ কিশোর আটক, ডাকাতির অভিযোগ পুলিশের

নারায়ণগঞ্জের বন্দরে শারদীয় দুর্গোৎসব চলাকালে বিভিন্ন পূজামণ্ডপে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির অভিযোগে ১৩ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি সুচালো চাকু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই রাতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে বন্দর থানাধীন বাউলপাড়া এলাকার লালজী মন্দিরের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটক কিশোরটি প্রায় আড়াই ঘণ্টা ধরে বাবুপাড়া বৃন্দাবন মন্দির ও লালজী মন্দিরের পূজামণ্ডপে ঘোরাঘুরি করছিল। এ সময় তাকে নাচানাচি করতেও দেখা যায়। একপর্যায়ে তার আচরণ ও চলাফেরায় স্থানীয়দের সন্দেহ হলে তাঁদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে সে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরটিকে আটক করে। তল্লাশির সময় তার কাছ থেকে একটি সুচালো চাকু উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, চাকুটি কিশোরটির পায়ের নিচে এবং তার হাতে থাকা একটি পাইপের ভেতরে লুকানো ছিল। এ সময় কিশোরটি নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলেও দাবি করেন তাঁরা।

এদিকে একই রাতে লালজী মন্দিরের প্রধান ফটকের সামনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও একজনকে আটক করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আরও চার থেকে পাঁচজন পালিয়ে যায় বলে জানা গেছে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন সংঘবদ্ধ ডাকাত চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন নির্জন স্থানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতি করে আসছিল বলে পুলিশের ভাষ্য।

এ ঘটনায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক ১৩ বছর বয়সী কিশোরকে মামলায় আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়