রূপগঞ্জে বিপুল গাঁজা-হেরোইন-ইয়াবাসহ গ্রেপ্তার ৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৫১টি ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও ৭৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার মুড়াপাড়া, চনপাড়া ও মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুড়াপাড়া ইউনিয়নের ছোট বানিয়াদি এলাকার মনির হোসেন ওরফে ডিব্বা মনিরের স্ত্রী রিকু আক্তার, শরীয়তপুরের জাজিরা উপজেলার কৃষ্ণনগর এলাকার মৃত মেহের আলী মুন্সির ছেলে আব্দুল মান্নান মুন্সি এবং একই এলাকার মৃত রহম আকন মিয়ার ছেলে দেলোয়ার হোসেন।
আব্দুল মান্নান ও দেলোয়ার রূপগঞ্জের ফকির আলীর বাড়িতে ভাড়া থাকেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫১টি ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও ৭৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
তিনি বলেন, আব্দুল মান্নান ও দেলোয়ারের বিরুদ্ধে রূপগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।





































