সোনারগাঁওয়ে যুবদল নেতাকে ইউনিয়ন বিএনপির সভাপতির হুমকি, থানায় অভিযোগ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য নোবেল মীরকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।
এ ঘটনায় যুবদল নেতা নোবেল মীর বুধবার (২৮ জুন) সোনারগাঁ থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, যুবদল নেতা নোবেল মীর শম্ভুপুরা ইউনিয়নের নবীনগর গ্রামের বাসিন্দা। ওই গ্রামেই তার মামার বাড়ি। তার আপন মামা জাহাঙ্গীর আলম ইউনিয়ন বিএনপির সভাপতি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাহাঙ্গীর আলম এই পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। একই নির্বাচনে সম্প্রতি নোবেল মীরও চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। এরপর থেকেই জাহাঙ্গীর আলম তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে আরও বলা হয়, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম নোবেল মীরকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ারও হুমকি দিয়েছেন। এছাড়া, তার কেনাএকটি যাত্রীবাহী ট্রলারও জব্দ করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে যুবদল নেতা নোবেল মীর বলেন, "আমি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই আমার মামা জাহাঙ্গীর আলম আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আশা করি প্রশাসন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।"
তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জাহাঙ্গীর আলমকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।





































