পানিবন্দি এনায়েতনগর পরিদর্শনে এনসিপি নেতা যুবাইর, স্থায়ী সমাধানের আশ্বাস
নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ধর্মগঞ্জ আমতলা জেলেপাড়ার পানিবন্দি মানুষের সমস্যা সমাধানে মতবিনিময় ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার।
রোববার (২৮ জুন) সকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে তিনি পানিবন্দি এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে যুবাইর সরদার বলেন, এনায়েতনগর ইউনিয়নের সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থা ও বেহাল সড়ক। ইউনিয়ন হলেও এলাকাটি এখন শহরের রূপ নিয়েছে। অপরিকল্পিত নগরায়ণের কারণে এখনই ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে এটি বসবাসের অনুপযোগী এলাকায় পরিণত হতে পারে।
খাল খনন ও সংস্কারের বিষয়ে তিনি বলেন, সরকারের উদ্যোগে খাল খননের কার্যক্রম চলছে। কল্যাণীয় খালের খননকাজের উদ্বোধন হয়েছে। দ্রুত খালের পূর্ণাঙ্গ সংস্কার সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি খালের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
জলাবদ্ধতার স্থায়ী সমাধানে পরিকল্পনার কথা তুলে ধরে যুবাইর সরদার বলেন, শুধু এনায়েতনগর নয়, পুরো নারায়ণগঞ্জ-৪ আসনের জন্য একটি সমন্বিত রোড ম্যাপ তৈরি করা হয়েছে। ওই পরিকল্পনার আওতায় একই চ্যানেলের মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। ছোট পাইপের পরিবর্তে ২ থেকে ৩ মিটার প্রশস্ত স্থায়ী ড্রেন নির্মাণের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, সঠিক পরিকল্পনা ও নকশা অনুযায়ী ড্রেনেজ ও সড়ক নির্মাণ করা গেলে আগামী ২০ থেকে ৩০ বছরেও এনায়েতনগরে জলাবদ্ধতার সমস্যা থাকবে না। তবে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বিভিন্ন উন্নয়ন কাজে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন।





































