ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে সেলুন কর্মী ও শিশু দগ্ধ
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি সেলুনে তিতাসের লাইনের লিকেজ থেকে জমা হওয়া গ্যাসের বিস্ফোরণে ওই প্রতিষ্ঠানের কর্মী ও চার বছর বয়সী এক শিশু দগ্ধ হয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সোয়া পাঁচটার দিকে সস্তাপুর এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম।
দগ্ধরা হলেন: সেলুন কর্মী মিন্টু মিয়া (২৫) ও চার বছর বয়সী অজ্ঞাত এক শিশু।
তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান আব্দুল হালিম। তবে, তাদের কী পরিমাণ দগ্ধ হয়েছে তা জানাতে পারেননি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, সেলুনটির পাশে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির একটি লাইন রয়েছে। ওই লাইনটির লিকেজ থেকে সেলুনঘরের ভেতর গ্যাস জমা হয়েছিল।
“বিকেলে কোনো কারণে স্পার্ক থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। যদিও এই ঘটনা আমাদের কেউ জানাননি। সংবাদকর্মীদের মাধ্যমে তথ্য পেয়ে সন্ধ্যার পর আমরা সেখানে যাই। ঘটনাস্থলে এখনো লাইনের লিকেজ থেকে গ্যাস নির্গত হচ্ছে।”
বিষয়টি তিতাস গ্যাস কোম্পানিকেও অবগত করা হয়েছে বলে জানান আব্দুল হালিম।
পাশের দোকানি মো. মামুন বলেন, সেলুনটির বিপরীত পাশে তার ফার্নিচারের দোকান। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। আগুনের আচে তিনি নিজেও কিছুটা দগ্ধ হয়েছেন বলে জানান।
এ বিষয়ে তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক আতিকুর রহমান সাংবাদিকদের বলেন, “ফতুল্লা এলাকায় আমাদের বেশকিছু পুরাতন লাইন আছে। আমরা সেগুলো মেরামতের কাজও করছি। দুর্ঘটনাটি অনাকাঙ্ক্ষিত।”





































