‘সিদ্ধিরগঞ্জ থানা আমীরকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় বিএনপি’
নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিদ্ধিরগঞ্জ থানা আমীর মো. মাহাবুব আলমকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানোর অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ মাগরিব মিশনপাড়া নিজ বাসায় মহানগর জামায়াতের আমীর আবদুল জব্বারসহ দলীয় নেতৃবৃন্দ আহত মাহাবুব আলমকে দেখতে গেলে তিনি সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন।
এসময় আবদুল জব্বার বলেন, থানা আমীর মাহাবুব আলমকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে দেশের মানুষের কণ্ঠরোধ করা যাবে না। দেশের মানুষ আজ জেগেছে এবং জনগণের রায়কে যারা নস্যাৎ করতে চায়, আল্লাহ তাদের নস্যাৎ করে দেন। তিনি পুলিশ প্রশাসনের প্রতি দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের আহ্বান জানান এবং বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় না আনলে জনগণ বসে থাকবে না।
পরে মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম আহত মাহাবুব আলমের সুস্থতা কামনায় দোয়া-মুনাজাত পরিচালনা করেন।
এসময় মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, অ্যাডভোকেট তাওফিকুল ইসলাম দীপুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





































