শহরকে বসবাসযোগ্য করে গড়ে তোলাই হবে বড় চ্যালেঞ্জ: আশা
মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর যুগ্ম আহ্বায়ক, সাবেক কাউন্সিলর ও নারায়ণগঞ্জ-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালামের পুত্র আবুল কাউসার আশা বলেছেন, নারায়ণগঞ্জ বর্তমানে বসবাসযোগ্য শহর নয়। গ্যাস, পানি, ফুটপাত, অটোরিকশাসহ নানা নাগরিক সমস্যার কারণে মানুষ নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তবে দৃশ্যমানভাবে দ্রুত সময়ের মধ্যে শহরকে বসবাসযোগ্য, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করে সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলাই হবে বড় চ্যালেঞ্জ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তার বাবার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার মূল্যায়ন নারায়ণগঞ্জ-৫ আসনের মানুষ ভোটের মাধ্যমে প্রকাশ করেছে। অতীতে তিনবার সংসদ সদস্য থাকা আনন্দের বিষয় হলেও এবার চতুর্থবার নির্বাচিত হওয়া পরিবার ও সমর্থকদের জন্য আবেগের জায়গা ছিল। সদর ও বন্দরবাসীসহ দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
আশা আরও বলেন, নারায়ণগঞ্জসহ সারা দেশেই বিএনপির বিজয় হয়েছে। অনেকেই আশঙ্কা করেছিল বিএনপি বাংলাদেশ আওয়ামী লীগের মতো আচরণ করবে; কিন্তু দল সহনশীলতা ও ধৈর্য ধরে নির্বাচনে অংশগ্রহণ করেছে। যে যেই দল থেকেই নির্বাচিত হোক, এ নির্বাচনের সফলতায় বিএনপির অবদান রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের অবদান রয়েছে। তাই এই বিজয় শুধু নারায়ণগঞ্জের কয়েকটি আসনের নয়, সারা দেশের মানুষের বিজয়।





































