নির্বাচনে কোনো বিশৃঙ্খলায় ছাড় নেই: রূপগঞ্জ ইউএনও
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে রূপগঞ্জ উপজেলায় সকল ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতির সর্বোচ্চ নিয়ন্ত্রণ এবং সার্বিক প্রস্তুতি নিশ্চিতকরণে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় নির্বাচনকালীন সময়ে ভোটাররা যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে লক্ষ্যে সম্ভাব্য চ্যালেঞ্জ, ঝুঁকি ও করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সমন্বিত ভূমিকা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর সহকারী রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, ‘নির্বাচন একটি পবিত্র গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণ যেন নির্ভয়ে, শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে—সে দায়িত্ব আমাদের সবার। কোনো ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম কিংবা আইন লঙ্ঘনের বিষয়ে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। শতভাগ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা প্রশাসন সর্বাত্মকভাবে প্রস্তুত।’
সভায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা ও ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
রূপগঞ্জ উপজেলা প্রশাসন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সর্বদা জনস্বার্থে অঙ্গীকারবদ্ধ বলে সভায় জানানো হয়।





































