১৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:৩২, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

যানজট ও চাঁদাবাজমুক্ত শহর উপহার দেওয়া হবে: টিপু

যানজট ও চাঁদাবাজমুক্ত শহর উপহার দেওয়া হবে: টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, নারায়ণগঞ্জ-৫ আসনের গুরুত্বপূর্ণ অংশ হলো সদর। এই আসনের ‘হার্ট’ পরিষ্কার রাখতে যা যা করা প্রয়োজন, সবই করা হবে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

তিনি বলেন, নারায়ণগঞ্জ শহরকে যানজট, ফুটপাত দখল, চাঁদাবাজি, মাদক ও অবৈধ দখলদারমুক্ত করে এই আসনে সংসদ সদস্যকে নিয়ে আগামীতে একটি সমৃদ্ধশালী নারায়ণগঞ্জ শহর উপহার দেওয়া হবে।

সদস্য সচিব বলেন, নারায়ণগঞ্জের চারটি আসনসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন। অতীতে রাষ্ট্র পরিচালনায় বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগেই ইশতেহার ঘোষণা করেছিলেন। তিনি বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবে।

তিনি আরও বলেন, দেশের জনগণের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড এবং কন্যাসন্তানদের লেখাপড়ার জন্য যে পরিকল্পনা নেওয়া হয়েছে, সেগুলোসহ সব পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হবে।

এ সময় নারায়ণগঞ্জের ১, ২, ৩ ও ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়