২২ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪৩, ২০ অক্টোবর ২০২৬

তারেক রহমানই প্রথম হরিজনদের জন্য বোনাস চালু করেছেন: খোরশেদ

তারেক রহমানই প্রথম হরিজনদের জন্য বোনাস চালু করেছেন: খোরশেদ

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেছেন, তারেক রহমানই প্রথম হরিজনদের জন্য বোনাস চালু করেছেন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর তাঁদের জীবনমান উন্নয়নে দুই ঈদে বোনাসের ব্যবস্থা করেছেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ সিটি হরিজন কলোনির দুর্গাপূজামণ্ডপে বস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

খোরশেদের উদ্যোগে মানবিক সংগঠন ‘টিম খোরশেদ’ ও নাগরিক সংগঠন ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’-এর পাঁচ দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে নবমী উপলক্ষে শতাধিক হরিজনের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন খোরশেদ, ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের সদস্যসচিব আনোয়ার মাহমুদ বকুল ও জয়নাল আবেদীন।

খোরশেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সংখ্যালঘু ও সংখ্যাগুরু ধারণার অবসান ঘটিয়ে ‘রেইনবো নেশন’ প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন। তিনি হরিজনদের প্রকৃত বন্ধু।

হরিজন সম্প্রদায়ের সন্তানদের লেখাপড়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াই প্রথম হরিজন শিশুদের জন্য বিনা মূল্যে শিক্ষার সুবিধা চালু করেছিলেন।

একই দিন কুমুদিনী বাগান এলাকার বাসিন্দাদের মাঝেও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হরিজন সম্প্রদায়ের নেতা দিলবর দাস, মুরাদ দাস, রাজেস লাল, কিশোর দাস, বিপ্লব দাসসহ বিএনপি নেতা রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, শওকত খন্দকার, আফজাল হোসেন, রানা মুন্সী, মো. মুসা, মো. মিঠু, রাসেল আহম্মদ মনির, কুতুবউদ্দিন, জামাল হোসেন, মাহফুজুর রহমান বিল্লাল, মাসুদ আহমেদ, সোহেল, মাসুম খন্দকার, ইমন, মহিউদ্দিন শুভ ও শামীম আহম্মেদ।

সর্বশেষ

জনপ্রিয়