২৮ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:০৯, ২৮ জুলাই ২০২৬

বিশ্ববিদ্যালয়ে জুলুমের সংস্কৃতি ফিরতে দেওয়া যাবে না: এমপি আল আমিন

বিশ্ববিদ্যালয়ে জুলুমের সংস্কৃতি ফিরতে দেওয়া যাবে না: এমপি আল আমিন

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে ভয়, দমন-পীড়ন ও রাজনৈতিক নির্যাতনের পরিবেশ থেকে মুক্ত করার পথ তৈরি হয়েছে। এখন বিশ্ববিদ্যালয়কে জ্ঞানচর্চা, মুক্তচিন্তা ও ভবিষ্যৎমুখী প্রতিযোগিতার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।

সোমবার (২৮ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে অনুষ্ঠিত "জুলাই গণঅভ্যুত্থান: স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব" শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, কোনো রাজনৈতিক পরিচয়ের আড়ালে যেন আর কখনো জুলুম-নির্যাতনের সংস্কৃতি ফিরে না আসে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান নতুন প্রজন্মকে সত্য কথা বলার সাহস এবং জবাবদিহিতা নিশ্চিত করার মানসিকতা দিয়েছে।

তিনি আরও বলেন, জনপ্রতিনিধি থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সবার কর্মকাণ্ড জনগণের কাছে জবাবদিহির আওতায় থাকতে হবে। নিজের বিরুদ্ধেও কোনো অন্যায় হলে জনগণ যেন প্রশ্ন তোলে এবং জবাবদিহি নিশ্চিত করে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

সংসদ সদস্য বলেন, বিশ্ববিদ্যালয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রথম দুর্গ। তাই শিক্ষার্থীদের সেই চেতনা ধারণ করে ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও ভবিষ্যৎমুখী বাংলাদেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন, প্রক্টর অধ্যাপক মো. নাসির উদ্দিন, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, জকসুর ভিপি রিয়াজুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান হিমেলসহ ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সর্বশেষ

জনপ্রিয়