বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মামলার আসামি রাজ্জাক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট একাধিক মামলার আসামি হিসেবে অভিযুক্ত রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ফতুল্লার রামারবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাকে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত একটি মামলায় আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া রাজ্জাক ফতুল্লা থানার রামারবাগ এলাকার আমির মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ্জাক দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থানরত শাহ নিজামের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয়দের দাবি, তিনি রামারবাগ, লামাপাড়া, রিয়া গোপ স্টেডিয়ামসহ আশপাশের এলাকায় একটি নিজস্ব বাহিনী গড়ে তোলেন, যা স্থানীয়ভাবে "রাজ্জাক বাহিনী" নামে পরিচিত ছিল।
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় ওই বাহিনীর বিরুদ্ধে ভূমি দখল, শিল্পপ্রতিষ্ঠানের ঝুট সেক্টর নিয়ন্ত্রণ এবং এলাকায় প্রভাব বিস্তারসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ ছিল। এসব কর্মকাণ্ডের কারণে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন আতঙ্ক বিরাজ করত বলেও তারা দাবি করেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) বলেন, রাজ্জাকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে একটি বৈষম্যবিরোধী মামলায় আদালতে পাঠানো হয়েছে।





































