রূপগঞ্জে মলম পার্টির দুই নারী সদস্য গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চেতনানাশক ওষুধ খাইয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার সময় মলম পার্টির দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চক্রের দুই পুরুষ সদস্য পালিয়ে যায়।
সোমবার (২৭ জুলাই) রাতে উপজেলার পশ্চিমগাঁও এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, সোনারগাঁ উপজেলার তালতলা এলাকার নূপুর আক্তার ও জান্নাত।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় ভুলতা বাসস্ট্যান্ড এলাকা থেকে যাত্রীবেশে দুই নারী ও দুই পুরুষ একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া নেন। পশ্চিমগাঁও এলাকায় যাওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে তারা পানি খাওয়ার কথা বলে অটোরিকশাটি থামান।
এ সময় চালক উজ্জ্বলকে কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে পান করানো হলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে সড়কের পাশে ফেলে রেখে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে চক্রটি। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে নূপুর আক্তার ও জান্নাতকে আটক করেন। তবে তাদের দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হন।
খবর পেয়ে রূপগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের কাছ থেকে আটক দুই নারীকে নিজেদের হেফাজতে নেয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় অটোরিকশাচালকের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। পলাতক দুই সদস্যকে গ্রেপ্তারে অভিযান চলছে।





































