সিদ্ধিরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, সহকর্মী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে তার সহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৩ নম্বর ওয়ার্ডের মুক্তিনগর নয়া আটি এলাকার বায়োজিদ ভিলার নিচতলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মঙ্গলবার (২৮ জুলাই) সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী রাবেয়া আক্তার (৩৪) ঢাকার ডেমরার একটি পোশাক কারখানায় কোয়ালিটি অডিটর হিসেবে কর্মরত। একই প্রতিষ্ঠানে কর্মরত কোয়ালিটি কন্ট্রোলার সাগর আহমেদের সঙ্গে তার পরিচয় হয়। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে সাগর তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই নারী।
পুলিশ আরও জানায়, ঘটনার পর বিয়ের প্রস্তাব দিলে সাগর ও তার পরিবার তা প্রত্যাখ্যান করেন। পরে ভুক্তভোগী থানায় অভিযোগ করলে মামলা গ্রহণ করে পুলিশ অভিযুক্ত সাগর আহমেদকে গ্রেপ্তার করে।





































