২৬ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০৬, ২৫ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জকে নতুনভাবে বিনির্মাণ করতে চাই: রাজীব

নারায়ণগঞ্জকে নতুনভাবে বিনির্মাণ করতে চাই: রাজীব

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেছেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যে রাজনৈতিক লক্ষ্য, তা নারায়ণগঞ্জেও বাস্তবায়ন করতে চাই।”

শনিবার (২৫ জুলাই) বিকেলে ফতুল্লার ডিআইটি মাঠে ফতুল্লা থানা কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

রাজীব বলেন, “আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করতে চান। আমরাও নারায়ণগঞ্জকে নতুনভাবে বিনির্মাণ করতে চাই। যেহেতু নারায়ণগঞ্জেই আমাদের বসবাস ও বেড়ে ওঠা, তাই সবার আগে আমাদের কাছে নারায়ণগঞ্জ। সেই লক্ষ্যেই ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার রাজনীতি নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত করবো, ইনশাআল্লাহ।”

“নারায়ণগঞ্জের বদনামের কথা অনেকেই বলে থাকেন। আগামী দিনে বিএনপির প্রত্যেকটি সৈনিকের কর্মকাণ্ড রাজনীতিতে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে। সেই দৃষ্টান্ত স্থাপনে নারায়ণগঞ্জ থেকে আমরা সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই,” যোগ করেন তিনি।

শ্রমিক দলের নেতাদের রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, “যারা এখানে শ্রমিক দলের নেতৃত্ব দিয়েছেন, তারা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ অতিক্রম করেছেন। বিভিন্ন আন্দোলনে নির্যাতনের শিকার হয়েছেন এবং রাজপথে নিজেদের দায়িত্ব সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে পালন করেছেন। এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।”

বিএনপির রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, “দেশ ও দেশের মানুষের স্বার্থে বিএনপি সবসময় আপোষহীন ছিল। দেশের মানুষের মধ্যে যে আস্থা তৈরি হয়েছে, সেটি আরও শক্তিশালী করতে দলের প্রত্যেক নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাহলে বিএনপির বিরুদ্ধে পরিচালিত কোনো প্রোপাগান্ডাই মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারবে না।”

ফতুল্লা থানা কৃষকদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “দুর্যোগ ও প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর যে রাজনীতি আপনারা করছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার। কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শে আমরা রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছি।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, তারেক রহমান যেভাবে মানুষের বিশ্বাস অর্জন করেছেন, তেমনি আমরাও নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে চাই। অতীতের মতো ভবিষ্যতেও মানুষের জন্য নিবেদিত থেকে কাজ করে যেতে চাই।”

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল, সহসভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া ও মামুনুর রশিদ খান, সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, জেলা কৃষক দলের আহ্বায়ক ডা. শাহিন, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সদস্যসচিব মীর হোসেন কামাল, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ এবং ফতুল্লা থানা যুবদলের সাবেক সভাপতি মাসুদ।

সর্বশেষ

জনপ্রিয়