মাদক প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, চাষাঢ়ায় র্যালি ও পথসভা
মাদকমুক্ত ও সুন্দর সমাজ গড়ার প্রত্যয়ে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া, চাষাঢ়া ও বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের যৌথ উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে চাষাঢ়ার বাগে জান্নাত জামে মসজিদ সংলগ্ন শিশুকল্যাণ প্রাইমারি স্কুল মাঠে পথসভা অনুষ্ঠিত হয়। পরে একটি র্যালি বের হয়ে চাষাঢ়া, বাগে জান্নাত ও মিশনপাড়া এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি হারুনুর রশিদ বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকুসহ অন্যরা।
মাশুকুল ইসলাম রাজীব বলেন, মাদক এখন শুধু স্থানীয় নয়, জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। সমাজের ভালো মানুষরা ঐক্যবদ্ধ হলে মাদক ব্যবসায়ীদের প্রতিহত করা সম্ভব। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালেও অনেক সময় মাদক কারবারিরা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যায়। তাই সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সবাইকে আন্তরিক হতে হবে।
অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পঞ্চায়েত নেতৃবৃন্দ, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে রাতের বেলায় সন্দেহভাজন মোটরসাইকেল ও যানবাহনে তল্লাশি জোরদারের আহ্বান জানান।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, শুধু পুলিশের পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়। এ জন্য জনসচেতনতা ও জনগণের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, মাদকবিরোধী আইন আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু বলেন, শুধু সভা-সমাবেশ করলেই হবে না, মাদক বিক্রেতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তিনি অভিযোগ করেন, কিছু এলাকায় এখনও প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা নুরুল ইসলাম সর্দার, মিশনপাড়া পঞ্চায়েতের যুগ্ম মহাসচিব জাহিদ আহমেদ, চাষাঢ়া পঞ্চায়েতের নুরুল হুদা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক হানিফ সর্দার, ভবানী শংকর রায়, এসআই মো. সেলিম, বরকত উল্লাহ, মুফতি আব্দুর রহিম, মাওলানা মাহবুবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্বাগত বক্তব্য দেন বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক সাংবাদিক শরীফ সুমন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাংগঠনিক সম্পাদক ফারুক আহাম্মদ রিপন। পথসভা ও র্যালিতে তিনটি এলাকার বিপুলসংখ্যক বাসিন্দা অংশ নেন।





































