২৫ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩২, ২৪ জুলাই ২০২৬

সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখেছে নারায়ণগঞ্জ: এমপি কালাম

সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখেছে নারায়ণগঞ্জ: এমপি কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি ঐতিহ্যবাহী জনপদ। এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের মধ্য দিয়ে বসবাস করে আসছে।

শুক্রবার (২৪ জুলাই) নারায়ণগঞ্জ ব্যাপটিস্ট চার্চের মিলনায়তনে চার্চের সাবেক সাধারণ সম্পাদক ফ্রানচিলিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম বলেন, “আমাদের নারায়ণগঞ্জের ঐতিহ্য রয়েছে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি ধারণ করে আসছি। আমার নির্বাচনী এলাকায় দুটি গির্জা রয়েছে। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি এখানে এসেছি। আমরা প্রতিটি ধর্মের প্রতি সম্মান রাখি। আমরা সবাই মানুষ। সমাজবদ্ধ হয়ে একসঙ্গে বসবাস করলে কোনো ভেদাভেদ থাকে না।”

তিনি বলেন, “ধর্মীয় বিশ্বাস সব ধর্মের মানুষের মধ্যেই রয়েছে। আপনাদের মধ্যে ক্যাথলিক ও ব্যাপটিস্ট—দুটি ধারা রয়েছে। ক্যাথলিকরা ধর্মগুরুর অধীনে পরিচালিত হন, আর ব্যাপটিস্টরা স্বাধীনভাবে ধর্মচর্চা করেন।”

সহাবস্থানের গুরুত্ব তুলে ধরে সংসদ সদস্য বলেন, “আমরা সহাবস্থানে বিশ্বাস করি। এখানে যেমন মডেল মসজিদ হয়েছে, তেমনি মন্দিরও হবে। আপনাদের যৌক্তিক দাবি অনুযায়ী গির্জা নির্মাণের পরিকল্পনা নিয়ে আসুন। সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে।”

তিনি আরও বলেন, উন্নয়ন শুধু অবকাঠামো বা অর্থনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়; মানবিক উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ। “সকল ধর্মই শান্তির শিক্ষা দেয়। তাই সম্প্রীতি বজায় রেখে উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে,” যোগ করেন তিনি।

স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম, নারায়ণগঞ্জ ব্যাপটিস্ট চার্চের সাধারণ সম্পাদক সৌরভ দেউড়ী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা প্রদীপ ঘোষ ও লিটন পাল এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমিনুর ইসলাম মিঠু।

সর্বশেষ

জনপ্রিয়