২৬ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৪, ২৫ জুলাই ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁয়ে উপজেলা প্রশাসনের র‍্যালি

ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁয়ে উপজেলা প্রশাসনের র‍্যালি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে জনসচেতনতামূলক র‍্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিন্নাতের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহম্মেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা।

র‍্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকার্ড ছিল। এ সময় বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানানো হয়।

ইউএনও আসিফ আল জিন্নাত বলেন, “ডেঙ্গু আজ আমাদের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ। এটি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। আজ আপনি আপনার আঙিনা পরিষ্কার রাখলে শুধু আপনার পরিবারই নয়, আপনার প্রতিবেশীও সুরক্ষিত থাকবে। আপনার-আমার এই ছোট ছোট সচেতন পদক্ষেপই একটি পরিচ্ছন্ন, সুস্থ ও আধুনিক সোনারগাঁ গড়ার মূল ভিত্তি।”

তিনি আরও বলেন, “সচেতনতাকে কেবল মুখে সীমাবদ্ধ না রেখে চর্চায় রূপান্তর করি। সরকারের গৃহীত উদ্যোগের পাশে দাঁড়িয়ে সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুমুক্ত, নিরাপদ ও আধুনিক সোনারগাঁ গড়ে তুলি।”

র‍্যালি-পরবর্তী সচেতনতামূলক সভায় বক্তারা বলেন, “শুধু সরকারি উদ্যোগে ডেঙ্গু নির্মূল করা সম্ভব নয়। এ জন্য সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সচেতনতা প্রয়োজন। নিজ নিজ ঘরবাড়ি ও আঙিনা পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই পরিবার ও সমাজকে ডেঙ্গুর ভয়াবহতা থেকে সুরক্ষিত রাখা সম্ভব।”

সর্বশেষ

জনপ্রিয়