২৫ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৩, ২৪ জুলাই ২০২৬

আপডেট: ২০:৪৪, ২৪ জুলাই ২০২৬

মাদক ব্যবসায়ীদের সঙ্গে কোনো আপস করা যাবে না: আশা

মাদক ব্যবসায়ীদের সঙ্গে কোনো আপস করা যাবে না: আশা

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা বলেছেন, খেলাধুলার সঙ্গে মাদকের কোনো সহাবস্থান হতে পারে না। তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ আরও সম্প্রসারণের আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবদী নূরপদি পূর্বপাড়ায় সাবদী টার্ফ জোনের র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল কাউসার আশা বলেন, “এই টার্ফ জোনে লেখা রয়েছে ‘নো স্মোকিং জোন’। এর অর্থ এখানে মাদকের কোনো স্থান নেই। একজন তরুণ একদিকে মাদক সেবন করবে, অন্যদিকে খেলাধুলা করবে—এটি কখনো সম্ভব নয়। যারা খেলাধুলা করবে, তারা অবশ্যই মাদকের বিরুদ্ধে থাকবে। তাই এখনই সিদ্ধান্ত নিতে হবে, আমাদের তরুণরা মাদকের বিরুদ্ধে থাকবে, নাকি ঘরের মধ্যে মাদকাসক্ত হয়ে থাকবে।”

তিনি টার্ফ জোন প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

মাদকের বিরুদ্ধে অবস্থান তুলে ধরে আশা বলেন, “আমি সব সময় মাদকের বিরুদ্ধে কথা বলি। অনেক সময় দেখা যায়, মাদকবিরোধী কথা বলেন এমন ব্যক্তির বিরুদ্ধেই মাদক ব্যবসার অভিযোগ থাকে, আবার মাদকবিরোধী মিছিলে মাদক ব্যবসায়ীরাও অংশ নেয়। এসব থেকে আমাদের বিরত থাকতে হবে।”

তিনি আরও বলেন, “মাদকসেবীকে সংশোধনের সুযোগ দেওয়া যেতে পারে, কিন্তু মাদক ব্যবসায়ীদের সঙ্গে কোনো আপস করা যাবে না। তারা অর্থের লোভে সমাজকে ধ্বংস করছে। মাদক ব্যবসায়ীদের ‘না’ বলতে হবে। সমাজ ও রাজনীতিতে তাদের কোনো স্থান হওয়া উচিত নয়।”

সর্বশেষ

জনপ্রিয়