০৩ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৭, ৩ জুলাই ২০২৬

আপডেট: ২০:৪৮, ৩ জুলাই ২০২৬

খেলাফত মজলিসের জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

খেলাফত মজলিসের জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছে খেলাফত মজলিস। এ সময় দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের গণভোটের রায় মেনে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের মজলিসে শূরার ষান্মাসিক অধিবেশন শেষে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

ড. আহমদ আবদুল কাদের বলেন, দেশে খুন, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেশের অর্থনীতি, শিক্ষা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, জনগণের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ পরিবেশ নিশ্চিত এবং দেশকে স্থিতিশীলতার পথে ফিরিয়ে আনতে জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন সময়ের দাবি। জনগণ একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত, সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, মাওলানা এনায়েতুল্লাহ মাদানী, ডা. শামীম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সহ-সভাপতি মাওলানা গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমানসহ জেলা ও মহানগরের নেতারা।

সর্বশেষ

জনপ্রিয়