০২ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৫:৪৩, ১ মার্চ ২০২৬

আপডেট: ১৯:৪১, ১ মার্চ ২০২৬

আইভীর নতুন মামলার শুনানি সোমবার

আইভীর নতুন মামলার শুনানি সোমবার

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে শোন অ্যারেস্ট দেখানো ২০২৪ সালের জুলাই আন্দোলনের একটি হত্যা মামলার শুনানি সোমবার (২ মার্চ) সকালে অনুষ্ঠিত হবে। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, নারায়ণগঞ্জে ভার্চ্যুয়ালি এ শুনানি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানার বিস্ফোরক আইনে দায়ের একটি হত্যা মামলায় এজাহারে আসামির তালিকায় নাম না থাকা সত্ত্বেও তদন্তে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়ার অভিযোগে পুলিশ আইভীকে শোন অ্যারেস্ট দেখায়। তার আগেই ওই দিন পাঁচটি মামলায় তিনি হাইকোর্ট বিভাগ থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বহুতল ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ভবনের তৃতীয় তলায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড–এর শিমরাইল শাখার অভ্যন্তরীণ সজ্জার কাজ করতে থাকা তিন কর্মী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। তিন দিন পর ভবনটি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের একজন ২৯ বছর বয়সী সেলিম মণ্ডল। তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরজগন্নাথপুর গ্রামে। মৃত্যুর ১০ মাস পর গত বছরের ৬ জুন তার কৃষক পিতা ওয়াজেদ আলী হত্যা মামলাটি দায়ের করেন।

আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, সাবেক মেয়র আইভীকে প্রথম পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিন দেওয়া হয়। এরপর রাষ্ট্রপক্ষ হাইকোর্ট বিভাগের আদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে স্থগিতাদেশের আবেদন করে। মামলাগুলো বর্তমানে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। পরে রাষ্ট্রপক্ষ আরও পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখায়। সেসব মামলায়ও গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান আইভী। তবে ওই দিনই সিদ্ধিরগঞ্জ থানার বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়। সোমবার সকালে ওই মামলার ভার্চ্যুয়াল শুনানি অনুষ্ঠিত হবে।

সর্বশেষ

জনপ্রিয়