মাসুদ ভাই একজন দানবীর মানুষ: বিভা হাসান
বিএনপি নেতা ও শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের চার শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ওয়ার্ড দুটির সংরক্ষিত নারী আসনের সাবেক কাউন্সিলর আফসানা আফরোজ বিভা হাসান দরিদ্র মানুষের হাতে মাংস তুলে দেন।
এ সময় আফসানা আফরোজ বিভা হাসান বলেন, “মাসুদুজ্জামান মাসুদ ভাই সম্পর্কে কিছু না বললেই নয়। উনি একজন দানবীর মানুষ বললেই চলে। করোনাকালীন সময়ে উনি যে কাজ করেছেন, আমার মনে হয় না নারায়ণগঞ্জে অন্য কেউ এভাবে করেছে। নিজ অর্থায়নে, নিজের পকেটের টাকা খরচ করে অনেক কাজ করেছেন। করোনার আগেও করেছেন, করোনার সময় থেকে এখন পর্যন্ত বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন।”
তিনি আরও বলেন, “এবার আমার মাধ্যমে তিনটি ওয়ার্ডে মাংস বিতরণ করছেন। আগে দেখেছি—রিকশাচালক, অটোরিকশাচালক ও হতদরিদ্র মানুষের মাঝে উনি রাস্তায় দাঁড়িয়ে মাংস বিতরণ করেছেন। এবার প্রথমবার আমার হাত দিয়ে তিনটি ওয়ার্ডে বিতরণ করছি। আজ ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে দেওয়া হয়েছে। দুই-একদিনের মধ্যে ১৬ নম্বর ওয়ার্ডেও বিতরণ করা হবে। আজ দুই ওয়ার্ডে ৪০০ মানুষের স্লিপ দেওয়া হয়েছে, তাই সবাইকে দেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে যা পাবো, সেটি বাকিদের মধ্যে বণ্টন করবো। আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন, তিনি যেন এভাবেই মানুষের পাশে থাকতে পারেন।”
বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মডেল গ্রুপের পরিচালক শামীম আহমেদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, মহানগর বিএনপির সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মনির হোসেন সরদার, সাবেক মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী নাঈম, সাবেক সভাপতি আবুল সরদারসহ আরও অনেকে।
উল্লেখ্য, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সহমর্মিতার অংশ হিসেবে বিএনপি নেতা ও সমাজসেবক মাসুদুজ্জামান মাসুদ নিয়মিতভাবেই এ ধরনের কার্যক্রম করে আসছেন। এর অংশ হিসেবে শনিবার উল্লিখিত ওয়ার্ড দুটির পাশাপাশি ফতুল্লার আলীরটেক এলাকাতেও হতদরিদ্র মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়। আয়োজকদের তথ্যমতে, এদিন মোট এক হাজার ২০০ পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।





































