২৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:৩৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জের রাজনীতিতে বাড়ছে আইনজীবীদের প্রভাব

নারায়ণগঞ্জের রাজনীতিতে বাড়ছে আইনজীবীদের প্রভাব

নারায়ণগঞ্জের রাজনীতিতে দীর্ঘদিন ধরে পেশাজীবীরা—ব্যবসায়ী, শিক্ষক, ডাক্তার এবং আইনজীবী—প্রভাব রেখেছেন। তবে সম্প্রতি আইন পেশায় যুক্ত একাধিক নেতা জনপ্রতিনিধি ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্বে নির্বাচিত হয়ে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে বিশেষ অবস্থান তৈরি করেছেন। কেউ সংসদ সদস্য হয়েছেন, কেউ সিটি করপোরেশনের প্রশাসক, আবার কেউ দলীয় সংগঠনের মহানগর বা জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।

এর মধ্যে অন্যতম হলেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। পেশায় আইনজীবী এই বর্ষীয়ান নেতা সাবেক সংসদ সদস্য মরহুম জালাল উদ্দিনের পুত্র। চারবার সংসদ সদস্য নির্বাচিত এই প্রবীণ নেতা স্থানীয় রাজনীতিতে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। তিনি দীর্ঘদিন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেছেন এবং তৃণমূল কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে দলের মধ্যে সুসংহত অবস্থান বজায় রেখেছেন। তার মেয়ে সামছুন নূর বাঁধনও আইনজীবী হিসেবে সক্রিয়, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা যুগ্ম আহ্বায়ক।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন আইন পেশায় যুক্ত তরুণ নেতা হিসেবে রাজনৈতিক অঙ্গনে পরিচিত। তিনি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম সম্পন্ন করেছেন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার ভূমিকা তাকে বিশেষ পরিচিতি দিয়েছে।

সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। একই সঙ্গে তিনি মহানগর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন হত্যা মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে তিনি দেশব্যাপী পরিচিতি পান। ২০১৬ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনয়নে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর কাছে পরাজিত হন। পরে ২০১৮ সালে নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও তার নাম আলোচনায় আসে। শেষ পর্যন্ত দল মনোনয়ন দেয় আবুল কালামকে। পরে তাকে সিটি করপোরেশনের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়। তিনি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির একাধিকবারের সভাপতির দায়িত্বও পালন করেছেন। 

অন্যদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির রাজনীতিতে প্রভাবশালী আইনজীবী নেতা হিসেবে পরিচিত অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। বর্তমানে তিনি মহানগর বিএনপির সদস্য সচিব। তৃণমূল থেকে উঠে আসা এই নেতা আহ্বায়ক কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর সংগঠনের মাঠপর্যায়ের রাজনীতিতে তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর–বন্দর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবেও তার নাম আলোচনায় ছিল।

বিশ্লেষকরা বলছেন, আইনজীবী পেশায় যুক্ত নেতারা নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন রূপ দিচ্ছেন। তারা শুধু আইনগত দিক থেকে নয়, স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি সংযোগ এবং রাজনৈতিক কাজকর্মের মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ফলে রাজনীতিতে আইনজীবীদের প্রভাব ক্রমেই বাড়ছে।

সর্বশেষ

জনপ্রিয়