আবুল কালামকে পাশে রেখে নগরভবনের দায়িত্ব নিলেন সাখাওয়াত
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নগরভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তার সঙ্গে জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামসহ তিনি নগরভবনে প্রবেশ করেন। নগরভবনের প্রধান ফটক থেকে প্রশাসকের কার্যালয় পর্যন্ত উপস্থিত নেতাকর্মীদের দেখা যায়।
দায়িত্ব গ্রহণের সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা নবনিযুক্ত প্রশাসককে স্বাগত জানান। পরে ফুল দিয়ে তাকে বরণ করা হয়। নগরভবনে প্রবেশের পর তিনি কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন।
পরে প্রশাসকের জন্য নির্ধারিত কক্ষে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ শেষে উপস্থিতরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসূফ খান টিপু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, শাহেনশাহ, সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর আয়েশা আক্তার দিনা, দিলারা মাসুদ ময়না, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।





































