২৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:৪২, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

জেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় মামুন মাহমুদ

জেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় মামুন মাহমুদ

সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের পর এবার জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ নিয়েও চলছে আলোচনা। নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ পাওয়া নিয়ে আলোচনায় রয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

বিএনপি দলীয় নেতা-কর্মীদের সূত্রে এ তথ্য জানা গেছে।

অধ্যাপক মামুন মাহমুদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা বিএনপির সদস্যসচিবের দায়িত্বও পালন করেছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন এবং দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। সেই সঙ্গে বিগত দিনের দলটির আন্দোলন-সংগ্রামেও তিনি ছিলেন সামনের সারিতে। বিগত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক মামলায় কারাভোগও করেছেন তিনি।

মামুন মাহমুদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দল নারায়ণগঞ্জ-৩ আসনে বর্তমান সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানকে মনোনয়ন দিলে তিনি দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য দেখিয়ে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেন।

দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এবং ক্লিন ইমেজের কারণে তিনি এবার জেলা পরিষদের প্রশাসক পদে দায়িত্ব পেতে পারেন বলে জানিয়েছেন দলটির একাধিক নেতা।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট সারাদেশে জেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করা হয়। অপসারিত জেলা পরিষদ চেয়ারম্যানদের স্থলে জেলা প্রশাসকরা (ডিসি) দায়িত্ব পালন করে আসছেন। তবে নতুন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়ায় জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

সর্বশেষ

জনপ্রিয়