রূপগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
রূপগঞ্জে একটি প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় সুমাইয়া আহমেদ বিন্দু (২০) নামে এক প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, স্বজনদের অসাবধানতার কারণে এ ঘটনা ঘটে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভুলতা-গাউসিয়া এলাকায় অবস্থিত ডিকেএমসি হাসপাতালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকার কাউছার আহমেদ জুয়েলের মেয়ে সুমাইয়া আহমেদ বিন্দুকে গত ২০ ফেব্রুয়ারি সিজারের জন্য ডিকেএমসি হাসপাতালে ভর্তি করা হয়। সিজারের পর রোববার সকাল সাড়ে আটটার দিকে সুমাইয়ার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্বজনদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয় লোকজনের মাধ্যমে টাকার বিনিময়ে সমঝোতা হয়।
রূপগঞ্জ থানার এসআই (উপ-পরিদর্শক) মো. মিজানুর রহমান বলেন, “রোববার ডিকেএমসি হাসপাতালে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যুর খবর দেন ভুক্তভোগীর আত্মীয়স্বজনরা। হাসপাতালে পৌঁছালে হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগীর স্বজনরা বাকবিতণ্ডায় লিপ্ত হয়ে পড়েন। পরে পরিস্থিতি স্বাভাবিক করে চলে আসি। পরবর্তীতে খবর দেয়, উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। টাকার বিষয়টি আমার জানা নেই।”
এ বিষয়ে নিহত সুমাইয়ার চাচা জাহিদ আমির বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষের ভুল চিকিৎসার কারণে আমার ভাতিজির মৃত্যু হয়েছে। যেহেতু তাকে আর ফিরে পাব না, তাই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতার ভিত্তিতে মীমাংসা শেষে ভাতিজির মরদেহ নিয়ে এসেছি।”
তবে ডিকেএমসি হাসপাতালের পরিচালক নজরুল ইসলাম দাবি করেন, স্বজনদের অসাবধানতাবশত রোগীর মৃত্যু হয়েছে। তিনি বলেন, “অপারেশনের পর রোগীকে বেডে দেওয়া হয়। সেখানে শোয়া অবস্থায় রোগীকে তার স্বজনেরা পানি ও রুটি খাওয়ান। শুয়ে থাকা অবস্থায় রুটি খাওয়ানোর সঙ্গে সঙ্গে খাবারটি লাংসে চলে যায়। আমরা তাৎক্ষণিকভাবে রোগীকে আইসিইউতে পাঠিয়ে দিই। তবে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। এখানে চিকিৎসার কোনো ত্রুটি ছিল না। খাবার খাওয়ানোর কারণেই এমনটি ঘটেছে।”
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, “এমন কোনো ঘটনা সম্পর্কে আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”





































