২২ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৬:১৮, ২১ ফেব্রুয়ারি ২০২৬

শহীদ দিবসে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধাঞ্জলি ও র‍্যালি

শহীদ দিবসে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধাঞ্জলি ও র‍্যালি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলা কার্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চাষাঢ়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সৃজয় সাহা, সহ-সভাপতি ইউশা ইসলাম, সহ-সাধারণ সম্পাদক অপূর্ব রায়, দপ্তর সম্পাদক শেখ সাদী, কার্যকরী সদস্য সিয়াম সরকার, সরকারি তোলারাম কলেজ শাখার আহ্বায়ক রাইসা ইসলাম, সংগঠক মো. সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা সহ-সভাপতি ছাত্রনেতা সৃজয় সাহা বলেন, “আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেইসব বীর শহীদদের, যারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় রাজপথে বুক পেতে দিয়েছিলেন। ’৫২-র ভাষা আন্দোলন শুধু ভাষার লড়াই ছিল না; এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রথম স্ফুরণ।”

তিনি আরও বলেন, “গত ১৭ বছর ধরে যখন আমাদের বাক্‌স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার সংকুচিত হয়েছে, তখন ’৫২-র চেতনা আমাদের আবারও লড়াই করার সাহস জোগায়। একুশের চেতনা কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; বরং সর্বস্তরে মাতৃভাষার প্রচলন এবং ছাত্রসমাজের অধিকার রক্ষায় রাজপথের সংগ্রাম অব্যাহত রাখতে হবে।”

তিনি বলেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাবে।

সর্বশেষ

জনপ্রিয়