১৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:৪৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

মন্ত্রীসভায় স্থান পেলেন না নারায়ণগঞ্জের কেউ

মন্ত্রীসভায় স্থান পেলেন না নারায়ণগঞ্জের কেউ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। একই সঙ্গে রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রীসহ ৫০ জনের মন্ত্রিসভা। যেখানে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। তবে বিএনপি সরকারের এই তালিকায় স্থান পায়নি নারায়ণগঞ্জের কেউ।

বিগত সময়ে বিএনপি সরকারে নারায়ণগঞ্জ থেকে একাধিক পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রী নিযুক্ত হয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত ছিলেন প্রয়াত রাজনীতিবিদ আব্দুল মতিন চৌধুরী। তিনি দলটির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়ার প্রথম মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন।

আরেকজন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক রেজাউল করিম। তিনি নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক তিনবারের নির্বাচিত সংসদ সদস্য। তিনি ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে ৪টি আসনে বিএনপি এবং একটি আসনে এগারো দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টি নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে নারায়ণগঞ্জ-১ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-২ আসনে দলটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনে নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলার সভাপতি আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব এবং নারায়ণগঞ্জ-৫ আসনে মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম।

যদিও নারায়ণগঞ্জে বিভিন্ন আলোচনায় সোশ্যাল মিডিয়ায় মন্ত্রী হিসেবে আলোচনায় ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনে নির্বাচিত দলটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এবং নারায়ণগঞ্জ-৫ আসনে মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালামের নাম।

মন্ত্রিসভায় নারায়ণগঞ্জের কোনো প্রতিনিধিত্ব না থাকায় জেলাজুড়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। দলীয় নেতাকর্মী ও সচেতন মহলের মতে, শিল্প ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এই জেলার সংসদ সদস্যদের মধ্যে অন্তত একজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে স্থানীয় উন্নয়ন ও জাতীয় পর্যায়ে নারায়ণগঞ্জের দাবিদাওয়া আরও জোরালোভাবে উপস্থাপনের সুযোগ তৈরি হতো। এখন দেখার বিষয়, মন্ত্রিসভার বাইরে থেকেও জেলার নির্বাচিত সংসদ সদস্যরা কতটা কার্যকরভাবে নারায়ণগঞ্জের স্বার্থ ও প্রত্যাশা তুলে ধরতে পারেন।

সর্বশেষ

জনপ্রিয়